দেবীগঞ্জের শ্রীশ্রীসন্ত গৌড়ীয় মঠের প্রধান যজ্ঞেশ্বর চন্দ্র রায়ের হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার আরও এক আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। জাহাঙ্গীর হোসেন নামের ওই আসামিকে গতকাল শুক্রবার পঞ্চগড় আমলি আদালত-২-এ হাজির করার পর বিচারক বি এম তারিকুল ইসলাম তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী বলেন, প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় রিমান্ড শেষ হওয়ার আগেই তাঁকে আদালতে হাজির করা হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠিয়েছেন। তাঁর কাছে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই এবং তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনে আবার রিমান্ড চাওয়া হতে পারে।
এর আগে গত মঙ্গলবার ১৮ দিনের রিমান্ডে থাকা আলমগীর হোসেন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দি শেষে আদালত তাঁকে জেলহাজতে পাঠান। জাহাঙ্গীর হোসেনের ছোট ভাই আলমগীর। এরপর গত বৃহস্পতিবার খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় দুটি মামলায় এখন তিনজন বিভিন্ন মেয়াদে পুলিশি রিমান্ডে রয়েছেন।
গত ২১ ফেব্রুয়ারি দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়া নদীর পশ্চিম পাড়ে অবস্থিত সন্ত গৌড়ীয় মঠে দুর্বৃত্তরা মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে (৫০) চাপাতি দিয়ে গলা কেটে হত্যা করে। এ ছাড়া মঠের সেবায়েত গোপাল চন্দ্রকে গুলি করে পালিয়ে যায়।
ঘটনার দিন রাতেই পুলিশ দুই মামলায় খলিলুর রহমান (৫৫), বাবুল হোসেন (২৮) ও জাহাঙ্গীর হোসেনকে (৩২) গ্রেপ্তার করে। ২৩ ফেব্রুয়ারি পৃথক দুটি মামলায় এঁদের ১৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরে আলমগীরসহ রমজান আলী ও হারিজ আলীকে গ্রেপ্তার করে ১৮ দিন করে রিমান্ডে নেওয়া হয়।