
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি জঙ্গিনেতা মাওলানা আবদুল হান্নান ওরফে সাব্বিরের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন গতকাল বুধবার শুরু হয়েছে। যুক্তিতর্কে তাঁর আইনজীবী মাঈনুদ্দিন মিয়া দাবি করেছেন, তাঁর মক্কেল আর মুফতি হান্নানের দেওয়া জবানবন্দির সাব্বির এক ব্যক্তি নন।
কারাগারে আটক হান্নান ওরফে সাব্বিরের আইনজীবীর যুক্তিতর্ক শেষ না হওয়ায় ২২, ২৩ ও ২৪ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন। এর আগে ১৪ জন আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুই মামলার বিচারকাজ চলছে নাজিমুদ্দিন রোডে স্থাপিত বিশেষ এজলাসে। গতকাল দুপুর ১২টার দিকে আদালতের কার্যক্রম শুরু হয়।
এরপর আইনজীবী মাঈনুদ্দিন মিয়া যুক্তিতর্কে বলেন, মুফতি আবদুল হান্নান (অন্য মামলায় ইতিমধ্যে ফাঁসি কার্যকর) প্রথম জবানবন্দি দেন রমনা বটমূলে বোমা হামলা মামলায়।
মাঈনুদ্দিন মিয়া বলেন, মুফতি হান্নান জবানবন্দিতে একজন সাব্বিরের নাম বলেছিলেন। রমনা বটমূলের মামলার অভিযোগপত্র থেকে সেই সাব্বিরকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু তদন্ত কর্মকর্তা তাঁর মক্কেলের (মাওলানা আবদুল হান্নান) নামের সঙ্গে ওরফে সাব্বির জড়িয়ে দিয়ে আসামি করেছেন।
আইনজীবী মাঈনুদ্দিন মিয়া মামলা ও জিডির বিষয়বস্তু নিয়ে যুক্তি তুলে ধরে বলেন, তাতে আবদুল হান্নান ওরফে সাব্বিরের নাম ছিল না। আবদুল হান্নান আর মুফতি হান্নানের দেওয়া জবানবন্দির সাব্বির এক ব্যক্তি নন। এ পর্যায়ে আইনজীবী মাঈনুদ্দিন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আরও সময় চেয়ে পরবর্তী তারিখ ধার্য করার অনুরোধ জানান।
বিচারক বলেন, ‘আপনি ভালো আর্গুমেন্ট করছেন। আরও একটু গুছিয়ে নেবেন। কারণ, আপনি যা বলছেন, তা আমাকে ধারণ করতে হয়, গভীরে যেতে হয়।’
এ পর্যায়ে রাষ্ট্রপক্ষে এই মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, আসামিপক্ষে যেভাবে একজন আসামির পক্ষে সময় নিচ্ছেন, তাতে সব আসামির যুক্তিতর্ক উপস্থাপন শেষ করতে আরও ২০০ কার্যদিবস লাগবে।
বিচারক উভয় পক্ষের আইনজীবীদের ধন্যবাদ জানিয়ে সময়ের প্রতি খেয়াল রাখতে বলেন। পরে বেলা দুইটার দিকে ২২ জানুয়ারি সকাল ১০টা পর্যন্ত আদালত মুলতবি করা হয়।