আরও এক কবিরাজের বাড়িতে ‘হাসপাতাল’
নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করা তদন্তে ইসলামপুর গ্রামে আরও এক কবিরাজের বাড়িতে ‘হাসপাতালের’ সন্ধান পাওয়া গেছে। তদন্ত কর্মকর্তা চিকিত্সক আবদুর রাজ্জাক গতকাল রোববার কবিরাজ আবদুল মান্নানের বাড়িতে গিয়ে তাঁর চিকিত্সা পদ্ধতিও দেখেন। ওই দুই কবিরাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। গতকাল রোববার প্রথম আলোতে ‘কবিরাজের বাড়িতে ২০ শয্যার হাসপাতাল!’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। কবিরাজ আবদুল মান্নানের প্রতারণার শিকার অনেক লোক ফোন করে প্রথম আলোকে ধন্যবাদ দিয়েছেন এবং তাঁদের দুর্ভোগের কথা জানিয়েছেন। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে গতকাল ওই ঘটনা তদন্তে চিকিত্সক আবদুর রাজ্জাককে কবিরাজের বাড়িতে পাঠানো হয়। আবদুর রাজ্জাক গতকাল প্রথম আলোকে বলেন, প্রথমে তিনি কবিরাজ আবদুল মান্নানের বাড়িতে গিয়ে তাঁর চিকিত্সা পদ্ধতি দেখে বিস্মিত হন। তিনি বলেন, কোনো গ্রামে চিকিত্সার নামে যে এমন ব্যবস্থা থাকতে পারে, তা তাঁরা আগে কখনো শোনেননি। তিনি জানান, একেবারে হাসপাতালের মতোই ফি নিয়ে রোগী দেখা হচ্ছে। আবার বিছানা ভাড়া নিয়ে ভর্তি করা হচ্ছে। রোগীর শরীরে গাছগাছড়া ডলাডলি করতে দেখা যায়। এ সময় মান্নান বাড়িতেই ছিলেন। চিকিত্সক আবদুর রাজ্জাক কবিরাজ আবদুল মান্নান ছাড়াও ওই গ্রামের আবুল হোসেন নামের আরেক কবিরাজের বাড়িতে গিয়ে একই রকম ‘হাসপাতাল’ দেখতে পান। সেখানেও তিনি রোগীদের ভিড় লক্ষ করেছেন। এই আবুল হোসেন কবিরাজি করে উপার্জিত অর্থ দিয়ে মাইক্রোবাস কিনেছেন বলেও জানা গেছে। তাতে করে তিনি বিভিন্ন জায়গায় রোগী দেখতে যান। তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ওই কবিরাজদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না—এই মর্মে কাল (আজ সোমবার) তাদের নোটিশ পাঠানো হবে। তাতেও তাঁরা কবিরাজি ব্যবসা বন্ধ না করলে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে ইসলামপুর গ্রামের এক ব্যক্তি বলেন, এই আবুল হোসেন ও আবদুল মান্নান এই চিকিত্সা করে রাতারাতি ধনী হয়েছেন। তাঁদের কারণে গ্রামের আর কেউ জমি কেনার সুযোগ পান না। তাঁরা জানতে পারলে যেকোনো দামে জমি কিনে নেন। স্থানীয় লোকজন জানায়, ওই দুজন ছাড়াও ইসলামপুর গ্রামে মাসুদ, মনিরুল ও পিপো নামের আরও তিন ব্যক্তি একই ধরনের চিকিত্সা ব্যবসা চালু করেছেন। তবে তাঁদের ব্যবসা এখনো বেশি প্রসার লাভ করেনি। ওই কবিরাজদের কাছে চিকিত্সা নিতে গিয়ে ক্ষতির শিকার হয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর গ্রামের আবদুর রশিদ। তিনি বাঘা উপজেলা পশুসম্পদ কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মচারী। তিনি বলেন, তিন মাস আগে তাঁর ১০ বছর বয়সী ছেলের হাঁটুর ওপরে ভেঙে যায়। তিনি কবিরাজ আবুল হোসেনের কাছে পরামর্শের জন্য যান। আবুল হোসেন ২১ দিনের মধ্যে তাঁর ছেলেকে পুরোপুরি সুস্থ করার প্রলোভন দেখান। রশিদ বলেন, আবুল হোসেনের কথায় বিশ্বাস করে তাঁর ‘হাসপাতালে’ ছেলেকে ভর্তি করা হয়। এখানে চিকিত্সা বাবদ প্রায় ২০ হাজার টাকা খরচ করেও কাজ হয়নি। পরে ছেলেকে ঢাকায় নিয়ে অস্ত্রোপচার করলে সে সুস্থ হয়। এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করেও আবুল হোসেনের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।