আরও এক ছাত্রের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুতোরাব উচ্চ-বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর আহত ছাত্র জুয়েল বড়ুয়ার আর ভারতে চিকিৎসার জন্য যাওয়া হলো না। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সে মারা যায়। গত ১১ জুলাই মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার দুই মাস সাত দিন পর তার মৃত্যু আবুতোরাব এলাকায় আবার শোক জাগিয়ে তুলেছে। মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী বড়ুয়াপাড়ার ভদ্রসেন বড়ুয়া ও মঞ্জু বড়ুয়ার চার সন্তানের মধ্যে জুয়েল তৃতীয়।আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর সাদেক জানান, জুয়েলের মৃত্যুর সংবাদ বিদ্যালয়ে পৌঁছার পর ছাত্রছাত্রীদের মধ্যে শোক দেখা দেয়। তাই গতকাল প্রথম ঘণ্টার পর পাঠদান স্থগিত করা হয়। আজ মঙ্গলবার থেকে যথারীতি বিদ্যালয় খোলা থাকবে বলেও তিনি জানান।জুয়েল বড়ুয়ার মৃত্যুতে দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৪৩। দুর্ঘটনার দিন ঘটনাস্থলে নিহত হয় ৩৭ জন ছাত্রসহ ৩৯ জন। এরপর আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ জুলাই চট্টগ্রাম সেন্ট্রাল পয়েন্ট হাসপাতালে রায়হান উদ্দিন, ৪ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কাজল চন্দ্র নাথ, ৭ সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতালে রায়হান উদ্দিন শুভ এবং গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) জুয়েল বড়ুয়া মারা যায়। অ্যাপোলো হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আহত ছাত্র নয়ন চন্দ্র শীলের অবস্থাও শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন নয়নের জ্যাঠাতো ভাই বাসুদেব শীল। জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদের মধ্যে নয়ন চন্দ্র শীল, রায়হান উদ্দিন শুভ ও জুয়েল বড়ুয়ার শারীরিক অবস্থার অবনতি হলে ৭ সেপ্টেম্বর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে ঢাকা অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাপোলো হাসপাতালে স্বাস্থ্যের একটু উন্নতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার কথা ছিল।