আরও এক জওয়ানের দোষ স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওই দিন যা হইছিল, তা আগে জানলে আর চাকরি করতে আইতাম না’, পিলখানায় বিডিআর বিদ্রোহের বিচারে সাক্ষ্য দিতে এসে এভাবেই ঘটনা সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানালেন তাপস বিশ্বাস। তাপস আদালতকে জানান, বিদ্রোহের দিন তাঁর চাকরির বয়স হয়েছিল মাত্র ১৯ দিন।পিলখানায় বিশেষ বিডিআর আদালতে ২৪ রাইফেল এবং এর সঙ্গে সংযুক্ত ব্যাটালিয়নের বিদ্রোহের মামলায় সাক্ষীকে জেরা চলছে। গতকাল নতুন তিন সাক্ষীকে জেরা করেছেন ৩৯ জন আসামি। এ ছাড়া একজনের অসমাপ্ত জেরা সম্পন্ন হয়েছে।গতকাল মঙ্গলবার সকাল নয়টায় বিশেষ আদালত-৭-এর কার্যক্রম শুরু হয়। আদালতের কার্যক্রম শুরুর পর আগের সাক্ষী ফজলুল হককে জেরা করেন আসামিরা। এরপর সাক্ষ্য দেন হাবিলদার দেলোয়ার হোসেন, আবদুল ওহাব ও তাপস বিশ্বাস। আসামিদের মধ্যে চারজন তাপসকে জেরা করেন। গতকাল আদালতে শহীদুল ইসলাম নামে এক জওয়ান দোষ স্বীকার করেন। শহীদুল আদালতকে জানান, তিনি দোষ স্বীকার করতে চান। আদালত বিষয়টি তাঁকে লিখিতভাবে জানাতে বলেন।এদিকে আদালত অবমাননায় সাজা পাওয়া আসামি বাছেত গতকাল লিখিত আবেদন করেছেন। আদালত তাঁর আবেদন গ্রহণ করলেও কোনো আদেশ দেননি। বাছেতকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। ২৪ রাইফেল এবং সংযুক্ত ১০, ১৫, ১৭, ২৮, ৩০, ৪২ ও আরটিসিঅ্যান্ডএস ব্যাটালিয়নের ৬৬৭ জন জওয়ানকে গতকাল আদালতে হাজির করা হয়। আদালতের কার্যক্রম ১৮ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে।