আরও এক বছর দ্বিতীয়বার ভর্তির সুযোগ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বন্ধ না করে পরের বছর থেকে এ নিয়ম কার্যকর করার দাবি জানিয়েছেন চলতি বছর প্রথমবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।
দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ‘ছাত্র অধিকার’-এর ব্যানারে শিক্ষার্থীরা গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও পরে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ‘দ্বিতীয়বারের সুযোগ দিতে হবে, ফিরিয়ে দাও’, ‘আমাদের আসনগুলো দ্বিতীয়বারের পরীক্ষার্থীরা নিল কেন?’, ‘২০১৪ ব্যাচ কেন বঞ্চিত হবে?’ এসব লেখা-সংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা সমবেত হন। ভাস্কর্যের চারদিক ঘিরে তাঁরা প্রথমে মানববন্ধন করেন। তবে কেউ বক্তব্য দেননি। পরে তাঁরা মিছিল করে শাহবাগের দিকে যেতে চাইলে মিলন ভাস্কর্যের কাছে পুলিশ বাধা দেয়। তখন তাঁরা সেখানেই বিক্ষোভ করেন।
মানববন্ধনে অংশ নেওয়া বরগুনার পাথরঘাটা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা মামুন খান প্রথম আলোকে বলেন, তিনি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘গ ইউনিটে’ অপেক্ষমাণ তালিকায় রয়েছেন। তিনি মনে করেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্তের ফলে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কেননা, তাঁদের একমাত্র লক্ষ্য থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু এখানে আসনসংখ্যা কম। বেশির ভাগ শিক্ষার্থী দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে সুযোগ পান। তিনিও মনস্তাত্ত্বিকভাবে পরেরবার পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
ফরিদপুরের কেএম কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উচ্চমাধ্যমিক পাস করা সীমান্ত বিশ্বাস দাবি করেন, এ বছর ভর্তি পরীক্ষার আগে প্রস্তুতির সময় কম থাকায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য কোথাও ভর্তি পরীক্ষা দেননি। তাঁর লক্ষ্য ছিল আগামীবার ভালো করে প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। কিন্তু এ সিদ্ধান্তে তিনি হতাশ।
বাংলাদেশ রাইফেলস পাবলিক কলেজ থেকে পাস করা তৌকির আহমেদ বলেন, ২০১৪ সালের ব্যাচের শিক্ষার্থীরা বারবার বঞ্চিত হচ্ছেন। তাঁদের গিনিপিগে পরিণত করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষিত না করেই তাঁদের দিয়ে সৃজনশীল পদ্ধতির পরীক্ষণ চালানো হয়েছে। এবারই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরদিন থেকে ভর্তি কার্যক্রম শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিক্ষোভকারীরা আগামীকাল রোববার নতুন কর্মসূচি পালন করবেন বলে জানান।