
২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের তৎকালীন বিচারক কেশব রায় চৌধুরী গতকাল সোমবার আদালতে সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। পরে তাঁকে আসামিপক্ষ জেরা করে। আজ মঙ্গলবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
কেশব রায় চৌধুরী বর্তমানে সহকারী জজ হিসেবে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত। তিনি সাক্ষ্যে বলেন, এই মামলার সাক্ষী র্যাবের সাবেক কর্মকর্তা আবদুল আজিজ সরকার এবং মেজর আতিকুর রহমানের জবানবন্দি গ্রহণ করেন। ওই সময় তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কর্মরত ছিলেন। ২০১১ সালের ৯ মার্চ আবদুল আজিজ সরকার এবং একই বছরের ২০ ফেব্রুয়ারি আতিকুর রহমান সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। তিনি আদালতে জবানবন্দি দুটি উপস্থাপন করে তাঁর স্বাক্ষর শনাক্ত করেন। সাক্ষ্যে তিনি আরও বলেন, সিপিবির সমাবেশে বোমা হামলার মামলায় জঙ্গিনেতা মঈন উদ্দিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় ওই জবানবন্দি নথিতে সংযুক্ত করেন।
গতকাল পর্যন্ত এই মামলায় ১১৫ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। গতকাল আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এই মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন।
এই মামলায় কারাগারে আটক জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ ২৬ জনকে গতকাল আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আট আসামি খালেদা জিয়ার ভাগনে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক তিন আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির সাবেক তিন তদন্ত কর্মকর্তা রুহুল আমিন, মুন্সি আতিকুর রহমান ও আবদুর রশীদ এবং সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির ছিলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, বিএনপির সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদসহ অপর ১৮ জন পলাতক।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ নিহত হন। কয়েক শ নেতা-কর্মী আহত হন।