
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যার ঘটনায় জড়িত অভিযোগে নুর উদ্দিন ওরফে মিয়া (২৫) নামে যুবলীগের আরেক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে একরামের পরিবার দাবি করেছে, হত্যার মূল পরিকল্পনাকারীরা ফেনীতেই রয়েছেন, কিন্তু পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী নুর উদ্দিনকে শহরের বারাহিপুর (অচিনগাছ) এলাকা থেকে গ্রেপ্তার করেন। তিনি ফেনী পৌর এলাকার বিরিঞ্চি গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃত ৩১ জনের মধ্যে আছেন জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের আহ্বায়ক মাহতাব উদ্দিন চৌধুরী (মিনার), ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরী, ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ হিল মাহমুদ (শিবলু) রয়েছেন। মামলায় গ্রেপ্তারকৃত একজন ছাড়া সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে জানা গেছে, চেয়ারম্যান একরাম হত্যার ঘটনার অন্যতম পরিকল্পনাকারী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল ও ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম ওরফে মিস্টার। এ ছাড়া স্থানীয় যুবলীগের কর্মী ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ‘রুটি’ সোহেলসহ আরও কয়েকজনের নাম জানা গেছে।
পুলিশ এখনো জাহাঙ্গীর কবির আদেল ও জিয়াউল আলমকে গ্রেপ্তার করতে পারেনি।
একরাম হত্যা মামলার বাদী তাঁর ভাই রেজাউল হক জসিম সম্প্রতি অভিযোগ করেন, হত্যার পরিকল্পনাকারীরা ফেনীতেই রয়েছেন। কিন্তু পুলিশ তাঁদের গ্রেপ্তার করতে পারেনি। তাঁদের গ্রেপ্তার করা হলে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যেত।
ফেনীর পুলিশ সুপার (এসপি) পরিতোষ ঘোষ বলেন, হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতায় যাঁদের নাম জানা গেছে, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে সন্ত্রাসীরা শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামের গাড়িতে হামলা করে। সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ও গুলি করে পরে গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় ওই দিন রাতেই তাঁর ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির নেতা মিনার চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় একটি মামলা করেন।