আরও এক র্যাব সদস্যের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার র‌্যাবের আরও এক সদস্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম এইচ এম শফিকুল ইসলামের আদালতে জবানবন্দি নেওয়া হয়।

র‌্যাব-১১-এর আরওজি-১ (রেডিও অপারেশন গেইন) আরিফ হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন প্রথম আলোকে এ তথ্য জানান।

সাত খুনের ঘটনার পৃথক দুটি হত্যা মামলায় র‌্যাবের পাঁচ সদস্যকে ২৭ আগস্ট গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদের নিহত কাউন্সিলর নজরুল ইসলামসহ পাঁচজনকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম ওরফে বিউটির করা মামলায় আট দিনের রিমান্ডে নেন মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং পরের দিন আরেকজনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নজরুল ও চন্দনের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়। এ ঘটনায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।