আরও এক শিক্ষার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ-্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রোববার জাহিদ হাসান নামের একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।জাহিদ হাসান প্রাণিবিদ্যা বিভাগের ৩৭তম ব্যাচের ছাত্র। এ নিয়ে জুবায়ের হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হলো।আশুলিয়া থানা সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পুলিশ গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জাহিদকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এদিকে চার দিনের রিমান্ড শেষে মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে গতকাল ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়।পুলিশ জানায়, ৯ জানুয়ারি আশিকুলকে গ্রেপ্তারের পর তাঁকে প্রথম দফায় চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৭ জানুয়ারি তাঁকে দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করা হয়। পুলিশ সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে আশিকুল তেমন কোনো তথ্য দেননি। মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহীন শাহ পারভেজ বলেন, জিজ্ঞাসাবাদে আশিকুল সুকৌশলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা এড়িয়ে গেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদে আশিকুল বলেছেন, জুবায়েরকে মারধর করার সময় তিনি উপস্থিত ছিলেন। তবে তিনি জুবায়েরকে কোনো আঘাত করেননি। মারধরের কারণে জুবায়ের আহত হয়ে পড়লে তিনি তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছেন। জিজ্ঞাসাবাদে আশিকুল আরও বলেছেন, বছর দু-এক আগে জুবায়ের তাঁকে মারধর করেছিলেন। এ কারণে জুবায়েরের প্রতি তাঁর ক্ষোভ ছিল।এসআই শাহীন শাহ পারভেজ বলেন, আশিকুল যা-ই বলুক না কেন, হত্যাকাণ্ডের মূল হোতা যে আশিকুল, প্রাথমিক তদন্তে তা প্রমাণিত হয়েছে।