চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে নিপীড়ন করার ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে বাড়তি আরও এক সপ্তাহ সময় চেয়েছে।
নির্ধারিত সাত দিন শেষে আজ সোমবার প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল রেজিস্ট্রারের কাছে আরও সাত দিন সময় চেয়ে আবেদন করেছে তদন্ত কমিটি।
তদন্ত কমিটির আহ্বায়ক খান তৌহিদ ওসমান বলেন, ‘আমরা তদন্তের অধিকাংশ কাজই শেষ করে ফেলেছি। অধিকতর তদন্তের স্বার্থেই আমরা আরও সাত দিন সময় চেয়েছি।’ তবে ঘটনার তদন্ত ইচ্ছাকৃতভাবেই দেরি করা হচ্ছে বলে দাবি করেছেন ছাত্রীরা। ছাত্রী নিপীড়নের অভিযোগে আটক ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে আন্দোলন করে আসছেন ছাত্রীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর আস্থা রেখে তদন্ত কমিটি মেনে নিয়েছি। আশা করছি, তদন্তের মাধ্যমে আসল ঘটনা বেরিয়ে আসবে এবং অভিযুক্ত ব্যক্তিকে বহিষ্কার করা হবে।’
২০ মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগে মো. মাসুম নামের ছাত্রলীগের এক কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মাসুমকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে ২৬ মে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।