নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামে মনু মিজির বাড়িতে জোড়া খুনের ঘটনায় মো. ফরহাদ (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার চন্দ্রগঞ্জ বাজার থেকে ফরহাদকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় গ্রেপ্তার হওয়া সবুজের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর বাড়ির একটি ঘর থেকে একটি এলজি ও চারটি গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে ওই এলজি হত্যাকাণ্ডে ব্যবহূত করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। খুনের ঘটনায় নিহত ইসমাইল হোসেন ওরফে খলিলের বড় ভাই সহিদ উল্লা মঙ্গলবার রাতে থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার হওয়া মো. সবুজ ও তাঁর সহযোগী ফরহাদসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার সবুজ ও ফরহাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ব্যবসায়ী ইসমাইল হত্যার প্রতিবাদে গতকাল দ্বিতীয় দিনের মতো চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ীরা দোকানে কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করেন। আজ বৃহস্পতিবারও তাঁরা একই কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে। স্থানীয় সূত্রের ভাষ্যমতে, মঙ্গলবার পূর্ব বিরোধ, চাঁদা দাবি ও মুঠোফোন খোয়া যাওয়া নিয়ে ঝগড়ার একপর্যায়ে বেগমগঞ্জের জগদীশপুর গ্রামের মনু মিজি বাড়ির অস্ত্রধারী সন্ত্রাসী সবুজ একই বাড়ির ইসমাইল হোসেন ও তাঁদের পরিবারের সদস্যদের ওপর গুলি চালান। এ ঘটনায় ইসমাইল হোসেন ছাড়াও ছোট ভাইয়ের স্ত্রী রোকসানা আক্তার এবং ঝগড়া থামাতে আসা একই বাড়ির সেতারা বানুসহ সাতজন গুলিবিদ্ধ হন। পরে ইসমাইল ও সেতারা বানু হাসপাতালে মারা যান।