আরও একজন গ্রেপ্তার, খুলি ও হাড়গোড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সৌদি আরব ফেরত আবুল হাসেম হত্যার তিন মাস পর গত রোববার এই ঘটনায় হওয়া মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে আবুল হাসেমের মাথার খুলিসহ হাড়গোড় উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম ছাইফুল ইসলাম। তাঁর বাড়ি আঙ্গারপাড় কালিরচালা গ্রামে।
আবুল হাসেমের পারিবারিক সূত্র জানায়, কালিরচালা গ্রামের আবুল হাসেম (৫৫) সৌদি আরবে ছিলেন। ফিরে আসার পর স্ত্রীর পরকীয়ার জের ধরে তাঁকে হত্যা করা হয়।
পুলিশ সূত্র জানায়, গত ১৪ নভেম্বর বাড়ির পাশের পোলট্রি খামারের পাশের নালা থেকে আবুল হাসেমের মৃতদেহের একাংশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর বড় ভাই আবদুল মান্নান থানায় হত্যা মামলা করেন। মামলায় পুলিশ হাসেমের স্ত্রী ও মেয়েকে গ্রেপ্তার করে। পরে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। পরে ডিবি পুলিশ মাহমুদুল হাসান নামের আরও এক আসামিকে গ্রেপ্তার করে।
ডিবি সূত্রে জানা যায়, মুঠোফোনের সূত্র ধরে রোববার ভোরে দিনাজপুরের বীরগঞ্জ থেকে ছাইফুল ইসলামকে গ্রেপ্তার করে তারা। তাঁর দেওয়ার তথ্যের ভিত্তিতে রাতে কালিরচালা গ্রামের একটি কুয়ার ভেতর থেকে আবুল হাসেমের মাথার খুলি, দুই হাত ও দুই পায়ের হাড় উদ্ধার করা হয়।
ডিবির ওসি ইমারত হোসেন গাজী বলেন, গতকাল আদালত ছাইফুলের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।