সুপ্রিম কোর্টের জামে মসজিদের খতিব ও বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের ঘটনায় মো. ইউসুফ (২৬) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ নিয়ে ফারুকী হত্যাকাণ্ডে তিনজনকে গ্রেপ্তার করা হলো। গত শনিবার সকালে গ্রেপ্তার হওয়া মাহমুদা খাতুন ও তাঁর সহযোগী শরিফুল ইসলামকে গতকাল রোববার দুই দিন করে রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শেরেবাংলা নগর থানার পুলিশ জানায়, গত শনিবার বিকেলে শেরেবাংলা নগর থানার পুলিশ কুমিল্লার চৌদ্দগ্রামের নোওয়াপাড়ার বাড়ি থেকে ইউসুফকে গ্রেপ্তার করে। তাঁকে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে। ফারুকী হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ছিল এমন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
দুপুরে পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, ফারুকী হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে ইউসুফের নাম এসেছে। ফারুকীর ধর্মীয় মতাদর্শবিরোধিতাকারী উগ্রপন্থী গোষ্ঠীর সদস্য এই ইউসুফ।
তদন্তের দায়িত্ব পাওয়ার পর দুপুরের দিকে মামলার নথিপত্র শেরেবাংলা নগর থানা থেকে ডিবিতে পাঠানো হয়েছে। সকালে শেরেবাংলা থানার পুলিশ গ্রেপ্তার হওয়া মাহমুদা ও তাঁর সহযোগী শরিফুলকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছে। বাকি আসামি ইউসুফকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ডিবি সূত্র জানায়, গতকাল দুপুরে ডিবি পুলিশ গ্রেপ্তার মাহমুদা ও শরিফুলকে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত তাঁদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, ফারুকী হত্যাকাণ্ডের সম্পর্কে জানতে মাহমুদা ও শরিফুলকে রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের উদ্দেশ্য (মোটিভ) এখনো বের করা যায়নি। তবে হজে লোক পাঠানো, মতাদর্শ নিয়ে বিরোধিতা ও পরিবারের লোকজন যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেই সব বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।
গত বুধবার রাতে পূর্ব রাজাবাজারের বাসায় খুন হন ফারুকী। রাত আটটার দিকে আট-নয়জন দুর্বৃত্ত বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের আটকে রেখে তাঁদের সামনে ফারুকীকে গলা কেটে হত্যা করে। তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) সভাপতিমণ্ডলীর সদস্য ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন।