আরও একজন গ্রেপ্তার পাঁচ দিনের রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পাবনার হিমাইতপুরে অনুকূলচন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে হত্যার ঘটনায় গত রোববার রাতে আবুল হাসেম (৩৮) নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি হিমাইতপুর গ্রামেই।
পুলিশের দাবি, আবুল হাসেম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও হত্যাসহ ১২টি মামলার আসামি। গতকাল সোমবার দুপুরে আবুল হাসেমকে নিত্যরঞ্জন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাবনা আমলি আদালত-১-এ হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক নাজিমুদ্দৌলা পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান বলেন, আবুল হাসেম একজন ভাড়াটে খুনি। তিনি বহু অপরাধের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে পাবনা সদর থানায় চারটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে প্রায় ১২টি মামলা রয়েছে। নিত্যরঞ্জন হত্যার ঘটনায় আবুল হাসেম জড়িত বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অসংলগ্ন কথাবার্তা বলেছেন। রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাঁর কাছ থেকে হত্যার তথ্য মিলবে বলে পুলিশ আশা করছে।
গত শনিবার রাতে নিত্যরঞ্জন হত্যা মামলায় আরিফুল ইসলাম নামে শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। আরিফুল পাবনা জেলা ছাত্রশিবিরের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। গ্রেপ্তারের সময় পড়ে গিয়ে আঘাত পাওয়ায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ সেলিম প্রথম আলোকে বলেন, ‘আমরা সব দিক নজরে রেখেই তদন্তকাজ চালিয়ে যাচ্ছি। সুস্থ হয়ে উঠলে প্রয়োজনে আরিফুলকেও রিমান্ডে নেওয়া হবে।’