রাজধানীর আগারগাঁওয়ে বিএনপির নেতা আবদুল বাকী ওরফে মিল্টন হত্যার ঘটনায় আবুল কাশেম নামের আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত শুক্রবার গভীর রাতে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাবের কর্মকর্তারা জানান, আবুল কাশেম (৩৫) মহানগর ৪০ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি বাকীকে পিস্তল দিয়ে গুলি করে হত্যার কথা স্বীকার করেছেন। র্যাব-২-এর সহকারী পুলিশ সুপার সাফিউল সারোয়ার প্রথম আলোকে বলেন, কাশেম আশুলিয়ায় তাঁর শ্বশুরবাড়িতে আত্মগোপন করেছিলেন। আগারগাঁওয়ের এক একর জমির দখল নিয়ে বিরোধের জের ধরে তিনি পিস্তল দিয়ে বাকীর মাথায় গুলি করেন। র্যাব জানিয়েছে, জিজ্ঞাসাবাদে কাশেম জানান, আবদুল বাকী আগারগাঁওয়ের এক একর জমির দখল পাকাপোক্ত করতে একজন আইনজীবী ও জাফর মোল্লা নামের একজনকে জমি ক্রয়-বিক্রয়ের ক্ষমতা অর্পণ করেন। সম্প্রতি কাশেম ও জাফর মিলে সিদ্ধান্ত নেন, বাকীকে জমি দেওয়া যাবে না। প্রয়োজনে তাঁকে সরিয়ে দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী ঈদের পরদিন রাতে কাশেম তাঁর সহযোগী জাফর, মন্টু ও রনিকে নিয়ে আগারগাঁওয়ে বাকীর ব্যবসাপ্রতিষ্ঠানে যান। কাশেম একপর্যায়ে জমি ক্রয়-বিক্রয়ের ক্ষমতা স্থানান্তর করতে বাকীকে চাপ দেন। বাকী এতে রাজি হননি। কাশেম এ কারণে ক্ষিপ্ত হন এবং তাঁর সহযোগীদের চলে যেতে বলেন। সহযোগীরা চলে গেলে তিনি পিস্তল দিয়ে বাকীর মাথায় গুলি করেন। কাশেমকে গতকাল শেরেবাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, এ নিয়ে বাকী হত্যাকাণ্ডে পুলিশ ও র্যাবের হাতে চারজন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া মামুন শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। র্যাবের হাতে গ্রেপ্তার হওয়া কাশেম ও সজলকে আজ রোববার আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে। পুলিশ জানিয়েছে, নিহত আবদুল বাকীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পুলিশের উপপরিদর্শক হুমায়ুন কবীর হত্যা মামলাসহ একটি মাদক ও একটি অস্ত্র মামলা রয়েছে।