রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক নারায়ণ দত্ত ওরফে নিতাই হত্যাকাণ্ডের ঘটনায় মোহাম্মদ হোসেন নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার সকালে মুন্সিগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।আলোচিত এ হত্যাকাণ্ডে র্যাব-পুলিশ এ নিয়ে ১২ জনকে গ্রেপ্তার করল। তাঁদের মধ্যে নয়জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তাঁদের মধ্যে চার পেশাদার অপরাধীকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করে র্যাব। একইভাবে হোসেনকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন।হোসেনকে গতকাল বিকেলে র্যাব সদর দপ্তরে গণমাধ্যমের কর্মীদের সামনে আনা হয়। এ সময় হোসেন নারায়ণকে হত্যায় অংশ নেওয়ার কথা স্বীকার করেন। নারায়ণের গাড়িচালক অরুণের প্ররোচনায় চিকিৎসক নারায়ণের বাসায় চুরি করতে গিয়েছিলেন তিনি। বাধা দেওয়ায় অন্যদের সঙ্গে তিনিও নারায়ণ হত্যায় অংশ নিয়েছিলেন। র্যাব সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল বলেন, নারায়ণ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া ছয়জনের অন্যতম এই হোসেন। আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তথ্যের ভিত্তিতেই হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, নারায়ণকে হত্যার পর অন্যদের মতো হোসেনও আত্মগোপনে ছিলেন। চিকিৎসক নারায়ণ ও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ধরন একই। এ কারণে নারায়ণ হত্যাকাণ্ডে জড়িত বেশ কয়েক জন আসামিকে সাংবাদিক দম্পতি হত্যায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সাগর-রুনি হত্যা মামলায় তাঁকেও গ্রেপ্তার দেখানো হবে। গত ২২ আগস্ট রাতে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক কোয়ার্টারের দ্বিতীয় তলার সরকারি বাসায় খুন হন চিকিৎসক নারায়ণ দত্ত। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ছিলেন।