ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় গতকাল বুধবার একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
জেলা ও দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লার আদালতে সাক্ষী আনোয়ার হোসেন আজাদ সাক্ষ্য দেন।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, ১৬ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। তিনি জানান, একরাম হত্যা মামলার ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৯ জন সাক্ষ্য দিয়েছেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে জামিনে আছেন ৮ জন। গতকাল ফেনী কারাগারে থাকা ৩৩ ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা ৫ জন আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা ৮ জন আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়।