আরও একজন সাক্ষ্য দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকায় বিশ্বজিৎ দাস হত্যা মামলায় গতকাল রোববার সাক্ষ্য দিয়েছেন বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্ক এলাকার পরিছন্নতাকর্মী স্বপন হাওলাদার। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক নিজামুল হকের আদালতে তাঁর সাক্ষ্য গ্রহণ করা হয়।

সাক্ষী স্বপন হাওলাদার আদালতে জবানবন্দিতে বলেন, গত বছরের ৯ ডিসেম্বর সকাল সাড়ে আটটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল রায় সাহেব বাজারের দিকে যাচ্ছিল। তখন তিনি আবর্জনা পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে মিছিলের কাছে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এরপর মিছিলকারীদের ২০-২৫ জন লোক একটি ছেলেকে (বিশ্বজিৎ) ধাওয়া করে। ছেলেটি দৌড়ে ডেন্টাল ক্লিনিকে আশ্রয় নেন। এরপর ছেলেটি রক্তাক্ত অবস্থায় দৌড়ে শাঁখারী বাজারের দিকে যান। পরে তিনি শোনেন, বেলা দেড়টার দিকে ছেলেটি মারা যায়। রাতে টিভি দেখে জানতে পারেন, বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তবে এই সাক্ষী আসামির কাঠগড়ায় থাকা আটজনের কাউকে শনাক্ত করেননি। ওই আটজন হলেন রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, এমদাদুল হক, জি এম রাশেদুজ্জামান, এইচ এম কিবরিয়া, কাইউম মিয়া, সাইফুল ইসলাম ও গোলাম মোস্তফা। পরে সাক্ষীকে জেরা করা হয়। 

স্বপন হওলাদারসহ এ মামলায় ছয়জন সাক্ষ্য দিলেন। ১২ আগস্ট এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এ মামলার ১৩ আসামি পলাতক রয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম।

গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে হত্যা করে। এই মামলায় ৫ মার্চ ছাত্রলীগের ২১ জন কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।