আরও একজনের জবানবন্দি সম্পত্তির লোভেই হত্যাকাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে চার খুনের ঘটনায় আরও এক আসামি সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। আসামি আশরাফ গতকাল রোববার নারায়ণগঞ্জে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।আশরাফ পিরোজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও বিএনপির নেতা রফিকুল ইসলামের প্রথম স্ত্রীর ছেলে শাহাদাত ইসলামের ঘনিষ্ঠ বন্ধু। ছয় দিনের রিমান্ড শেষে শাহাদাত বর্তমানে জেলহাজতে রয়েছেন।আশরাফের আগে চেয়ারম্যান রফিকুলের বাড়ির নৈশপ্রহরী আবদুস সাত্তার, দেহরক্ষী বাদশা মিয়া ও চেয়ারম্যানের নিহত দ্বিতীয় স্ত্রী শামিমা ইসলামের মামাতো ভাই রাজিব মিয়া জবানবন্দি দেন।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, আশরাফ স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, চেয়ারম্যানের ছেলে ও তাঁর বন্ধু শাহাদাত ইসলাম সম্পত্তির লোভে তাঁর সৎমা শামিমা ইসলাম সোমাকে খুন করার সিদ্ধান্ত নেন। শাহাদাত প্রথমে বিষয়টি আশরাফকে এবং পরে তাঁদের আরেক বন্ধু শামিমকে জানান। খুনের জন্য শামিমার মামাতো ভাই রাজিব মিয়াকে বেছে নিয়ে তাঁরা চারজন একটি গোপন সভা করে হত্যার পরিকল্পনা করেন। পরে ঢাকার যাত্রাবাড়ীর শীর্ষ সন্ত্রাসী মিঠু ও সোহাগকে পাঁচ লাখ টাকার বিনিময়ে ভাড়া করে আনা হয়। জবানবন্দিতে আশরাফ বলেন, গত ১৯ এপ্রিল চেয়ারম্যানের ঝাউচর গ্রামের বাসভবনে প্রথমে রাজিব মিয়া শামিমার ঘরে ঢোকেন। গভীর রাতে রাজিব ঘরের দরজা খুলে সন্ত্রাসী মিঠু, সোহাগ ও শামিমকে ঘরে ঢোকার ব্যবস্থা করেন। তাঁরা চারজন ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় প্রথমে শামিমার ভাই রানা ইসলামকে, পরে শামিমাকে, এরপর দুই গৃহপরিচারিকা রেখা আক্তার ও মণি আক্তারকে জবাই করে হত্যা করেন। হত্যাকাণ্ডের সময় বাড়ির বাইরে থেকে পুরো বিষয়টি তদারক করেন শাহাদাত।ওসি আতিকুর বলেন, আশরাফের আগে অপর তিন আসামিও আদালতে একই ধরনের জবানবন্দি দিয়েছিলেন। মূলত সম্পত্তির লোভের কারণেই শাহাদাত ইসলাম তাঁর সৎমাকে খুন করার পরিকল্পনা করেন।চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘আইন নিজস্ব গতিতে চলবে। খুনের সঙ্গে আমার ছেলে জড়িত থাকলে তারও বিচার হোক।’