আরও একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের পূবাইলে কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ আরও একজন গতকাল রোববার ভোরে মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় ছয়জনের মৃত্যু হলো। বিস্ফোরণ ও হতাহতের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি গতকাল থেকে কাজ শুরু করেছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, গতকাল ভোর ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান আবদুল কাদের (৫৫)। টঙ্গীর বনমালার বাসিন্দা কাদের ওই কারখানায় পণ্য সরবরাহ করতেন।
পরিদর্শক মোজাম্মেল হক আরও বলেন, দগ্ধ কামাল হোসেন (৪৯) ও মো. স্বাধীন (৩২) ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে শনিবার ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। এঁদের মধ্যে দুজনের নাম-পরিচয় গতকাল পাওয়া গেছে। তাঁরা হলেন খুলনার দাকোপ উপজেলার মো. সফিকুল ইসলাম (২২) ও মাদারীপুরের খামারবাড়ি এলাকার মো. আলহাজ তালুকদার (২৩)।
গতকাল সকালে ওই কারখানায় গিয়ে দেখা গেছে, কারখানার ভেতর একটি স্থানে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। কয়েকটি স্থান থেকে ধোঁয়া বের হচ্ছিল। আশপাশের লোকজন সেখানে ভিড় জমিয়েছেন। তাঁরা জানান, মূল বয়লারটি বিস্ফোরণের পর কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কারখানার প্রাচীর ভেঙে বয়লারটি পেছনে সরে যায়। সামনের দিকের অংশ উড়ে কারখানার ছাদ ও অন্যান্য অংশ প্রায় ৩০০ ফুট দূরে ছিটকে গিয়ে গাছে আটকে যায়।
গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম গতকাল বেলা ১১টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। তার পরপরই ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত তিন সদস্যের কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামের নেতৃত্বে কমিটির সদস্যরা ঘটনাস্থলে যান এবং তদন্ত কার্যক্রম শুরু করেন।
রাহেনুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামের কারখানাটির শিল্পকারখানা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সংস্থার কোনোটিরই অনুমোদন ছিল না।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সংস্থার ঢাকা জেলা সহকারী পরিচালক মো. মাসুদ আকন্দকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।