রাজধানীর খিলক্ষেতের নামাপাড়ায় মশা তাড়ানোর স্প্রে ও কয়েলের গুদামে লাগা আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ছয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গুরুতর দগ্ধ আরও পাঁচজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। এঁদের প্রত্যেকেরই শরীর শতকরা ৯৫ ভাগেরও বেশি পুড়ে গেছে। জ্বলে গেছে শ্বাসনালীও।ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, ওখানে শুধু গুদাম ছিল। কোনো কারখানা নয়। সেখানে যন্ত্রপাতি ছাড়া হাতে হাতে (ম্যানুয়ালি) অনভিজ্ঞ শ্রমিকদের দিয়ে অতি দাহ্য পদার্থের (মেয়াদোত্তীর্ণ) কনটেইনারগুলো খালি করা হচ্ছিল। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।গত শুক্রবার রাতে রাজধানীর খিলক্ষেতের নামাপাড়ায় গুডনাইট ব্র্যান্ডের মশা তাড়ানোর স্প্রে ও কয়েলের গুদামে আগুন লাগে। কারখানার ভেতর ১০-১২ জন শ্রমিক তখন মেয়াদোত্তীর্ণ স্প্রের কনটেইনার থেকে তরল কেমিকেল বের করার কাজ করছিলেন। শ্রমিকেরা জানান, হঠাৎ বিকট বিস্ফোরণে উড়ে যায় গুদামের টিনের চাল।হতাহত: আগুনে ঘটনাস্থলেই পুড়ে মারা যান শ্রমিক আলমাস (২০), তোফাজ্জল (২৬), আমিনুল (২২), ইউসুফ (২৬) ও রাসেল (১৫)। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকাল ছয়টায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা যান আনোয়ার হোসেন (২২)।ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এখন জীবন্মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাইদুর রহমান (২০) ও এনামুল (২০)। বার্ন ইউনিটে ভর্তি জুয়েল (২৪), ইকবাল (২৮) ও আবদুল হামিদ নামে তিনজনের অবস্থাও আশঙ্কাজনক।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ‘ভর্তি পাঁচজনেরই শ্বাসনালীসহ শরীরের শতকরা ৯৫ ভাগ পুড়ে গেছে। আমরা তাঁদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছি।’হতাহত ব্যক্তিদের প্রায় সবারই বাসা নামাপাড়া এলাকায়। এ ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।আগুনের সূত্রপাত: ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শাহীদউল্লাহ প্রথম আলোকে বলেন, কর্মরত শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে একটি কনটেইনারে বিস্ফোরণ ঘটেছিল। তা থেকে অন্যগুলোও বিস্ফোরিত হতে শুরু করে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুদামের দক্ষিণ-পূর্ব কোণের টিন সবচেয়ে আগে উড়ে যায়। সেখান থেকে আগুনের শিখাও দেখা যায়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ওই কোণটিই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।কারখানা নয়, গুদাম: স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পোশাকশ্রমিকসহ আশপাশের শ্রমিকেরা অতিরিক্ত উপার্জনের জন্য নিজের কাজের পাশাপাশি রাতে এখানে কাজ করেন। আহত শ্রমিক ইকবালের বন্ধু আজিজ জানান, ইকবাল অন্য একটি গার্মেন্টসে কাজ করেন। ৫০০ টাকা চুক্তিতে তিনি ওই রাতে কনটেইনার খালি করার কাজ করতে যান। গুদামটিতে বেশি মেয়াদোত্তীর্ণ কনটেইনার জমে গেলে ওই এলাকার তরুণদের দিয়ে কাজ করান মালিক।ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, সেখানে কোনো মেশিনারিজ ছিল না। ম্যানুয়ালি কাজ করছিলেন শ্রমিকেরা।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, ভারতীয় গুডনাইট ব্র্যান্ডের পণ্যের বাংলাদেশের ব্যবস্থাপক বদরুল ইসলাম। গুদামটিতে শুধু মশা তাড়ানোর স্প্রে ও কয়েল থাকার কথা।আকাশ থেকে গোলা পড়ছে: গুদামটির লাগোয়া বাড়িতে কেবল শুয়েছিলেন মকবুল ও খোরশেদা দম্পতি। হঠাৎ বিস্ফোরণের পর জানালা দিয়ে আগুনের হল্কা দেখেই তাঁরা দুই ছেলেকে নিয়ে ঘর ছেড়ে বের হয়ে যান। তাঁরা বলেন, ‘খই ফোটার মতো ভেতরে ঠাস ঠাস শব্দে যেন গোলা ফুটছে। আর জ্বলন্ত গোলার (কনটেইনার) কোনো কোনোটা উড়ে এসে পড়ছে রাস্তায়, আশপাশে। বাসা থেকে বের হওয়ার সময় মনে হচ্ছিল, যেন আকাশ থেকে গোলা পড়ছে।’দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, মূলত ওই সব কনটেইনারে অতি দাহ্য গ্যাস ছিল। আগুন পেয়ে ওই গ্যাস জ্বলে কনটেইনারগুলো বিস্ফোরিত হয়েছে। তবে গ্যাসের পরিমাণ কম থাকায় দপ করে জ্বলেই আবার আগুন নিভে গেছে। ফলে এদিক-সেদিক জ্বলন্ত কনটেইনার পড়লেও কোথাও আগুন ছড়ায়নি।সহায়তা: আগুনে নিহত ব্যক্তিদের পরিবারকে দাফন-কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। গতকাল স্বাস্থ্যসচিব হুমায়ুন কবীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধীন ব্যক্তিদের দেখতে যান। তিনি সবাইকে বিনা মূল্যে চিকিৎসা দেওয়ার কথা জানান।এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানিয়েছেন খিলক্ষেত থানার ওসি শামীম হোসেন।