জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় আরও একজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মো. শফিউজ্জামান সাক্ষ্য দেন। আদালত ৬ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। চিকিৎসক মো. শফিউজ্জামান জুবায়েরের লাশের ময়নাতদন্ত করেছিলেন। গতকাল পর্যন্ত এ মামলায় আটজন সাক্ষ্য দিলেন।
২০১২ সালের ৮ জানুয়ারি বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদকে কুপিয়ে জখম করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ভোরে মারা যান জুবায়ের। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হামিদুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত বছরের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ১৩ ছাত্রের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।