আরও একজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে আগুনে পুড়িয়ে মারার হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্য নিয়েছেন আদালত।
গতকাল সোমবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ লা মংয়ের আদালতে এ সাক্ষ্য গ্রহণ হয়। আদালত আগামী ২ মার্চ পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে বলেন, বাদীর ভাই নির্মল শীল সাক্ষ্যদানকালে আদালতকে জানিয়েছেন, আধিপত্য বিস্তার করতে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংখ্যালঘুদের সম্পত্তি গ্রাস করতে অভিযোগপত্রভুক্ত আসামিরা গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ার তেজেন্দ্র লাল শীলের বাড়িতে আগুন দিয়ে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য ডা. বিমল শীল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ আট বছর পর ২০১১ সালের ৯ জানুয়ারি আমিন চেয়ারম্যানসহ ৩৯ জনকে আসামি করে এবং ৫৭ জনকে সাক্ষী রেখে অভিযোগপত্র দেন সিআইডির এএসপি হ্লা চিং প্রু। ২০১১ সালের ১২ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। একই বছরের ১৫ মে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।