আরও একজনের সাক্ষ্য গ্রহণ
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলার ধার্য তারিখে গতকাল মঙ্গলবার আরও একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আগামী ২ এপ্রিল মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ বলেন, মঙ্গলবার জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে কাজী ইসমাইল নামে পুলিশের একজন কনস্টেবল সাক্ষ্য দেন। চেয়ারম্যান একরাম হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার আসামি জাহিদ চৌধুরীর স্বীকারোক্তির ভিত্তিতে একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। কনস্টেবল কাজী ইসমাইল ওই অস্ত্র ও গুলির জব্দ তালিকার সাক্ষী।
পিপি বলেন, একরাম হত্যা মামলায় ৫৯ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ২৮ জন সাক্ষ্য দিয়েছেন। এ মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন জামিনে আছেন।
পিপি বলেন, গতকাল নয়জন আসামির জামিনের আবেদন করা হয়। আদালত আবেদন নামঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী কামরুল হাসান, আহসান কবীর বেঙ্গল ও সাহাব উদ্দিন সাক্ষীকে জেরা করেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে, গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।