চট্টগ্রামে হিংস্র কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন হিমাদ্রীর বন্ধু এহতেশামুল চৌধুরী।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানিয়েছেন, এহতেশামুল আদালতকে জানিয়েছেন, ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হিমাদ্রীকে দেখতে ছুটে গিয়েছিলেন তিনি। হাসপাতালের এক্স-রে কক্ষে হিমাদ্রী যখন যন্ত্রণায় ছটফট করছিলেন, তখনই তাঁর কথাগুলো মুঠোফোনে ধারণ করেন এহতেশাম। এলাকায় মাদকের বিরোধিতা করার প্রতিশোধ নিতে প্রধান আসামি শাহ সেলিমের নির্দেশেই অন্য আসামিরা হিমাদ্রীকে বাসায় ডেকে নিয়ে গিয়েছিলেন। সেখানে ছাদে হিমাদ্রীর দিকে কুকুর লেলিয়ে দেওয়া হয়। প্রাণে বাঁচাতে ছটফট করতে থাকেন হিমাদ্রী। একপর্যায়ে আসামিরা তাঁকে ছাদ থেকে ফেলে দেন। পরে ধারণ করা হিমাদ্রীর জবানবন্দিটি সিডি আকারে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে জমা দেন এহতেশাম।
এহতেশাম সাক্ষ্য দেওয়ার পর আসামি পক্ষের আইনজীবীরা তাঁকে জেরা শুরু করেন।