আরও একজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলাসংক্রান্ত হত্যা ও বিস্ফোরক হামলায় গতকাল মঙ্গলবার আরও একজন সাক্ষ্য দিয়েছেন। তিনি হলেন পুলিশের নগর বিশেষ শাখার (সিটিএসবি) তৎকালীন উচ্চমান সহকারী মাহবুবুর রহমান।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই সাক্ষ্য গ্রহণ করেন।
মাহবুবুর রহমান সাক্ষ্যে বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যভিনিউতে আওয়ামী লীগের সমাবেশের আগের দিন সিটিএসবি নিরাপত্তা বিষয়ে কার্যপ্রণালি প্রস্তুত করে। তিনি কার্যপ্রণালি-সংক্রান্ত নিবন্ধন ডায়েরি আদালতে উপস্থাপন করেন।
এই সাক্ষীকে গতকাল আসামিপক্ষে জেরা শেষ না হওয়ায় আদালত আজ বুধবার বাকি জেরার জন্য তারিখ ধার্য করেন আদালত।
গতকাল পর্যন্ত এ-সংক্রান্ত দুটি মামলায় ৯৮ জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে ৯৭ জনের সাক্ষ্য জেরা শেষ হয়েছে। ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এই মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান৷ তাঁকে সহায়তা করেন আইনজীবী আকরাম উদ্দিন৷
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন৷