আরও একজনের সাক্ষ্য গ্রহণ

ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল বুধবার আরও একজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহমেদ সাক্ষ্য নেওয়া শেষে ১৭ জুন পরের তারিখ ধার্য করেন।
এ মামলায় সাক্ষ্য দেন রাজীবের খালাতো ভাই কাজী গালিবুল ইসলাম। এর আগে ২৭ মে রাজীবের বাবা মো. নাজিম উদ্দিন আদালতে সাক্ষ্য দেন।
মামলার অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন উগ্র জঙ্গিসংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী ফয়সাল বিন নাইম, মাকসুদুল হাসান, এহসানুর রেজা, নাঈম সিকদার, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির ও রেদোয়ানুল আজাদ। রেদোয়ান আজাদ পলাতক।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পল্লবীর কালশীর পলাশনগরে নিজ বাড়ির সামনে রাজীব হায়দারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় রাজীবের বাবা পল্লবী থানায় হত্যা মামলা করেন। গত বছরের ২৯ জানুয়ারি ঢাকা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ তদন্ত শেষে জসীম উদ্দিন রাহমানীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। তাতে বলা হয়, আনসারুল্লা বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীর লেখা বই পড়ে এবং সরাসরি তাঁর বয়ান ও খুতবা শুনে ব্লগারদের খুন করতে উদ্বুদ্ধ ও উৎসাহিত হন অপর সাত আসামি। এরই ধারাবাহিকতায় ব্লগার রাজীব খুন হন।