আরও একজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় গতকাল রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী ইস্কান্দার আলী সাক্ষ্য দিয়েছেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর বিচারক সাঈদ আহম্মেদ সাক্ষ্য গ্রহণ করেন।
ইস্কান্দার আলী জব্দ তালিকার সাক্ষী। তিনি গতকাল আদালতে সাক্ষ্য দিয়ে বলেন, ব্লগার রাজীব হত্যাকাণ্ডের আলামত সংগ্রহের সময় তিনি ডিবি কর্মকর্তাদের সঙ্গে ছিলেন। যেসব আলামত জব্দ করা হয়েছে, তা তিনি শনাক্ত করেন। সাক্ষ্য শেষে তাঁকে আসামিপক্ষ জেরা করে। গতকাল পর্যন্ত এ মামলায় ছয়জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। আদালত ২৩ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি পল্লবীর কালশীর বাসার সামনে রাজীবকে হত্যা করে দুর্বৃত্তরা। ২০১৪ সালের ২৯ জানুয়ারি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দীন রাহমানী এবং নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত সাত শিক্ষার্থীসহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ডিবি।