আরও একজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে বোমা হামলার ঘটনায় করা বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আয়েশা বেগম সাক্ষ্য দিয়েছেন। গতকাল রোববার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ এস এম জিয়াউর রহমান তাঁর সাক্ষ্য গ্রহণ করেন। আদালত ২৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। গতকাল পর্যন্ত এ মামলায় ১০৭ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন সিপিবির নেতা হিমাংশু মণ্ডল, আবদুল মজিদ, আবুল হাশেম ও মুক্তার হোসেন। আহত হওয়ার ১৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাত্র ইউনিয়নের নেতা বিপ্রদাস। আহত হয়েছিলেন অর্ধশতাধিক লোক।
এ ঘটনায় সিপিবির তৎকালীন সভাপতি মনজুরুল আহসান খান এ মামলা করেন। ২০১৩ সালের ২৬ নভেম্বর মুফতি হান্নানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। গত বছরের ৪ সেপ্টেম্বর এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আটক জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান, মুফতি মাঈনুদ্দিন শেখ, মাওলানা সাব্বির আহমেদ, শওকত ওসমান ও আরিফ হাসান সুমনকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া অভিযোগপত্রভুক্ত আসামি মশিউর রহমান, আবদুল হাই, শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, নুরুল ইসলাম, মহিবুল মুস্তাকিম, আনিসুল মুরসালিন ও রফিকুল ইসলাম পলাতক আছেন।