আরও একজনের সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা মামলায় গতকাল মঙ্গলবার আরও একজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল সাক্ষ্য দেন জাকারিয়া সিরাজ চৌধুরী। তিনি ওই হামলায় নিহত মহিলা আওয়ামী লীগের নেত্রী ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের সুরতহাল জব্দ তালিকার সাক্ষী।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন গতকাল জাকারিয়া সিরাজ চৌধুরীর সাক্ষ্য গ্রহণ করেন। পরে আসামিপক্ষ তাঁকে জেরা করে। জেরা শেষে আদালত ১৪ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক মামলার বিচারকাজ চলছে।
আদালত সূত্র বলেছে, ২ ডিসেম্বর আওয়ামী লীগের নেতা কাজী জাফর উল্যাহ, সুরঞ্জিত সেনগুপ্ত ও মহীউদ্দীন খান আলমগীরকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন দেওয়া হয়। এঁদের মধ্যে কাজী জাফর উল্যাহ গত সোমবার আদালতে সাক্ষ্য দেন। গতকাল সাক্ষী সুরঞ্জিত সেনগুপ্ত ও মহীউদ্দীন খান আলমগীর সাক্ষ্য দিতে না আসায় জাকারিয়া সিরাজের সাক্ষ্য গ্রহণ করা হয়।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এই মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন বিশেষ পিপি মোশাররফ হোসেন, আকরাম উদ্দিন প্রমুখ। গতকাল পর্যন্ত এ মামলায় ৪৯১ জন সাক্ষীর মধ্যে ২০২ জনের সাক্ষ্য-জেরা শেষ হয়েছে।
এ মামলায় কারাগারে আটক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নানসহ ২৩ জনকে গতকাল শুনানির আগে আদালতে হাজির করা হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ এই মামলার ১৮ জন আসামি পলাতক রয়েছেন। আটজন জামিনে আছেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে এ মামলার আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২২ জন নিহত হন।