ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা একরামুল হক হত্যা মামলায় গতকাল বুধবার আরও একজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়।
গতকাল সাক্ষ্য দেন সাক্ষী নূর করিম জাবেদ। এ নিয়ে মামলার বাদীসহ ১৮ জন সাক্ষী দিয়েছেন। আগামী ১৯ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।
গত ১৫ মার্চ ফেনী জেলা ও দায়রা জজ আদালতে ৫৬ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, সাক্ষী নূর করিম জাবেদ সাক্ষ্য দেওয়ার সময় বলেছেন, চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করে ইটপাটকেল নিক্ষেপ, গুলি করে ও গাড়িতে আগুন দিয়ে তাঁকে (একরাম) হত্যার কথা তিনি শুনেছেন। তবে কারা ইটপাটকেল নিক্ষেপ, গুলি ও গাড়িতে আগুন দিয়েছে, তা তিনি দেখেননি। তিনি ঘটনার সময় উপস্থিত ছিলেন না।
আদালতে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কামরুল হাসান, মেজবাহ উদ্দিন, আহসান কবীর বেঙ্গল, সাহাব উদ্দিন ও সাইফুল্লাহ রাসেল।
ফেনী জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হাফেজ আহাম্মদ জানান, একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৪৫ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন জামিনে আছেন। তিনি জানান, গতকাল ফেনী কারাগারে থাকা ৩৪ জন ও কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে থাকা পাঁচ আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। এ ছাড়া জামিনে থাকা ছয় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামুল হককে কুপিয়ে, গুলি করে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করা হয়।