আরও একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাব-১১-এর আরও এক সদস্য হাবিলদার আবুল কালাম আজাদ আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করে ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার দুপুরে জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রুপমের আদালতে এ জবানবন্দি রেকর্ড করা হয়।
পৃথক দুটি হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি কে এম ফজলুর রহমান।
আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যার দায় স্বীকার করে ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে ১৬ জন র্যাব সদস্যসহ মোট ১৮ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। সাক্ষী হিসেবে জবানবন্দি দেন র্যাবের নয় সদস্যসহ ১৬ জন।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও পরদিন একজনের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় কাউন্সিলর নজরুলসহ পাঁচজনকে অপহরণের পর হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন। আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম অপহরণ ও হত্যার ঘটনায় তাঁর জামাতা বিজয় কুমার পাল পৃথক অপর একটি মামলা করেন।