আরও একটি গ্যাস অনুসন্ধান কূপ খনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মাঝিরহাট এলাকায় বাপেক্স ভোলা নর্থ-১ গ্যাস নামে নতুন একটি অনুসন্ধান কূপ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজিম উদ্দিন চৌধুরী আজ শনিবার এ খননকাজের উদ্বোধন করেন।

ভোলা নর্থ-১ গ্যাস অনুসন্ধান কূপে বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সচিব। উদ্বোধনকালে সচিব বলেন, বাপেক্স চলতি অর্থ বছরে ২৮টি গ্যাস অনুসন্ধান কূপ খনন করবে। ইতিমধ্যে ৯টি গ্যাস অনুসন্ধান কূপ খনন কাজ সম্পন্ন হয়েছে।

সচিব আরও জানান, ভোলায় চলতি অর্থ বছরে ৪টি নতুন গ্যাস কূপ খনন করা হবে। ইতিপূর্বে শাহবাজপুর ইস্ট গ্যাস কূপ খনন করা হয়েছে। সেখানে বিপুল পরিমাণ গ্যাস পাওয়া গেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোলা নর্থ-১ গ্যাস অনুসন্ধান কূপেও বিপুল গ্যাস পাওয়া যাবে। ভোলায় শিগগিরই আরও দুটি গ্যাস অনুসন্ধান কূপ খনন করা হবে।
পেট্রোবাংলার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশাদ ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব খাদিজা নাজনীন ও ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলাম।