আরও একটি টিলাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা কসবা উপজেলা প্রশাসনের
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার গ্রামে আরও একটি টিলাকে ঝুঁকিপূর্ণ টিলা হিসেবে ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে ঘুরে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা ইসলাম এ ঘোষণা দেন। এ নিয়ে দুই ইউনিয়নের তিনটি টিলাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার দুই ইউনিয়নে ঝুঁকিপূর্ণ টিলার আশপাশে কেউ যেন বসবাস না করে, সে জন্য মাইকিং করা হয়েছে। উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার বায়েক ও গোপীনাথপুর ইউনিয়নে টিলা রয়েছে। দুই ইউনিয়নে ৩৭৫ একর জায়গাজুড়ে এসব টিলার বিস্তার।
ইউএনও হাসিনা ইসলাম ও গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর ও কসবা উপজেলা শিক্ষা কর্মকর্তা রৌশন আরা গতকাল সকালে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে ইউএনও গোপীনাথপুর ইউনিয়নের পাথারিদ্বার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়–সংলগ্ন একটি টিলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেন। সেই সঙ্গে তাঁর নির্দেশে টিলাটির চারদিকে লাল ফিতা দিয়ে সতর্কতা বলয় তৈরি করে দেওয়া হয়েছে।
এর আগে ১৫ জুন ইউএনও হাসিনা ইসলাম ও বায়েক ইউপি চেয়ারম্যান আল-মামুন সরকার সরেজমিনে পরিদর্শন শেষে বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্রামের মফিজ মিয়ার টিলা এবং কোল্লাপাথর শহীদ স্মরণিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়–সংলগ্ন কিরণ মিয়ার টিলাকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা দেন।
হাসিনা ইসলাম বলেন, গতকাল গোপীনাথপুর ইউনিয়নের একটি টিলাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর আগে বায়েক ইউনিয়নের দুটি টিলাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। চারপাশে লাল ফিতা দিয়ে বলয় তৈরি করে দেওয়া হয়েছে। দুই ইউনিয়নেই ঝুঁকিপূর্ণ টিলা এবং এর আশপাশে কেউ যেন বসবাস না করে, এ জন্য মাইকিং করা হয়েছে।
২০ জুন প্রথম আলোর বিশাল বাংলায় ‘কসবায় দুটি টিলাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা, আজ মাইকিং’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।