
শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর হাসেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। গতকাল সোমবার সকালে ভবনটি নদীতে ধসে পড়ে। এ নিয়ে গত দুই মাসে শরীয়তপুরে ছয়টি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চবিদ্যালয় নদীগর্ভে বিলীন হলো।
নদীগর্ভে ভবন বিলীন হয়ে যাওয়ায় বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সামনে জেএসসি পরীক্ষা ও এসএসসির নির্বাচনী পরীক্ষা এবং প্রাথমিকের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ সময় বিদ্যালয়গুলো নদীভাঙনের কবলে পড়ায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা।
শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর হাসেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সিম্মি আক্তার ও জান্নাত আক্তার বলে, ‘চোখের সামনে আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানটি নদীতে চলে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, আর চোখের জল ফেলেছি। সামনে আমাদের পরীক্ষা, এমন পরিস্থিতিতে পড়ালেখায় মন বসবে না।’
শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল থেকে কুণ্ডেরচর হাসেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনটি একটু একটু করে নদীতে ভেঙে পড়তে থাকে। সোমবার সকালে ভবনটি নদীতে ধসে পড়ে। বিদ্যালয়টিতে ২৫০ জন শিক্ষার্থী রয়েছে। ভাঙনের কারণে গত বৃহস্পতিবার থেকে বিদ্যালয়টিতে পাঠদান কার্যক্রম বন্ধ ছিল।
আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শরীয়তপুরে পদ্মা নদীতে ভাঙন শুরু হয়। দুই মাসের ভাঙনে নদীতে বিলীন হয়েছে জাজিরা উপজেলার সুরত খাঁর কান্দি জগৎ জননী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলমিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভেদরগঞ্জ উপজেলার চরভাগা হাওলাদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোসাইরহাট উপজেলার ছৈয়ালপাড়া নান্নু মুন্সি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের আলহাজ ইসমাইল মেমোরিয়াল উচ্চবিদ্যালয়।
ভাঙনের কারণে বিদ্যালয়গুলোর জায়গাজমি ও ভবন বিলীন হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকটি বিদ্যালয় বিকল্প স্থানে পাঠদান কার্যক্রম চালু করেছে। দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চবিদ্যালয় জায়গার অভাবে এখনো পাঠদান কার্যক্রম চালু করতে পারেনি।
কুণ্ডেরচর হাসেম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলী আকবর বলেন, ‘২৪ ঘণ্টার ভাঙনে বিদ্যালয় ভবনটি নদীগর্ভে বিলীন হয়ে গেল। আমরা কিছুই করতে পারলাম না। স্থানীয় উপজেলা প্রশাসন পাশের ইয়াকুব মাদবর কান্দি গ্রামের প্রাথমিক বিদ্যালয় ভবনের নিচতলায় অস্থায়ী ভিত্তিতে পাঠদান কার্যক্রম চালানোর অনুমতি দিয়েছে।’
শরীয়তপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘পদ্মা নদীর ভাঙনে বিদ্যালয় ভবন বিলীন হওয়ায় পাঠদান কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটছে। ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, নদীভাঙনে বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় শিশুদের সমস্যা হচ্ছে। স্থানীয় সহায়তা নিয়ে বিকল্পভাবে প্রতিটি বিদ্যালয়ে পাঠদান চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।