একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা আরও একটি মামলার রায় ঘোষণা করা হচ্ছে আজ রোববার। পলাতক আলবদর নেতা মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে করা মামলার রায় হচ্ছে আজ।
দেশের বরেণ্য ১৮ বুদ্ধিজীবী অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ আনা হয়েছে ওই দুজনের বিরুদ্ধে। অধ্যাপক, সাংবাদিক, চিকিৎসকদের অনেকের লাশ মিরপুর ও রায়েরবাজারের বধ্যভূমিতে পাওয়া গেছে। কারও কারও লাশ মেলেনি।
গত বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ের এই দিন ধার্য করে আদেশ দেন। মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিলে এটি হবে নবম রায়।
রাষ্ট্রপক্ষের সাক্ষ্য ও দাখিলকৃত নথি অনুসারে মুক্তিযুদ্ধকালে মুঈনুদ্দীন ছিলেন আলবদর বাহিনীর অপারেশন ইনচার্জ এবং আশরাফুজ্জামান ছিলেন চিফ এক্সিকিউটর। তাঁদের সার্বিক তত্ত্বাবধানে বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্যাতনের পরে হত্যা করা হয়।
চলতি বছরের ২৮ এপ্রিল রাষ্ট্রপক্ষ মুঈনুদ্দীন ও আশরাফের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। পলাতক থাকা অবস্থায় ২৫ জুন মুঈনুদ্দীন ও আশরাফের বিরুদ্ধে ১১টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।