তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য আরও একটি কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এসেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে। গত সোমবার মন্ত্রণালয়ে এই অভিযোগ উপস্থাপন করা হয়। ১০০ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রটি স্থাপনের নির্ধারিত স্থান নোয়াখালীর চৌমুহনী।
মন্ত্রণালয় সূত্র জানায়, এই কেন্দ্রটি স্থাপনের জন্য চারটি কোম্পানি প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে দুটি কোম্পানির প্রস্তাব বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মূল্যায়নে অযোগ্য বিবেচিত হয়। অন্য দুটি কোম্পানির মধ্যে একটির বিরুদ্ধে স্থানীয় কতিপয় লোকের তোলা অভিযোগে বলা হয়েছে, কোম্পানিটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য যে ছয় একর জায়গা নিজেদের বলে প্রস্তাবে উল্লেখ করেছে, তার সব জায়গা ওই কোম্পানির নয়। অভিযোগকারীরা সংশ্লিষ্ট জায়গার দলিল, পরচা, দাগ নম্বর প্রভৃতিও মন্ত্রণালয়ে দাখিল করেছেন।
মন্ত্রণালয় সূত্র জানায়, এই অভিযোগেরও যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও একই ধরনের অভিযোগের ভিত্তিতে চারটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রক্রিয়া বন্ধ রেখে অভিযোগের তদন্ত শুরু করা হয়েছে। সরকার দেশের বিভিন্ন স্থানে প্রতিটি ১০০ মেগাওয়াট ক্ষমতার ১০টি তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের যে প্রক্রিয়া চালাচ্ছে, এগুলো সবই তার অন্তর্ভুক্ত।