আরও কর্মী নেওয়ার আশ্বাস সৌদির
বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলী ও পুরুষ গৃহকর্মীসহ সব পর্যায়ে আরও পুরুষ ও নারী কর্মী নেবে সৌদি আরব। এ ছাড়া পুরুষ কর্মীদের বিষয় সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এই আশ্বাস দিয়েছেন সৌদি আরবের শ্রমমন্ত্রী মুফাররেজ বিন সাদ হাকবানি।
গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে সৌদি শ্রমমন্ত্রী এই আশ্বাস দেন। আজ শুক্রবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
পাঁচ দিনের সরকারি সফরে এখন সৌদিতে আছেন প্রবাসীকল্যাণমন্ত্রী। তিনি ৪ জানুয়ারি দেশে ফিরবেন।
বৈঠকে সৌদি আরবের শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রশিক্ষিত নারী কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে তাঁদের দেশে। এ সময় প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বাংলাদেশ থেকে আরও প্রশিক্ষিত ও দক্ষ পুরুষ ও নারী কর্মী নিতে সৌদি সরকারের প্রতি অনুরোধ জানান। এখন বাংলাদেশ দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরিতে আগের তুলনায় বেশি সক্ষম বলেও উল্লেখ করেন মন্ত্রী।