আরও খুলি ও হাড়গোড় উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আবারও মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ভবনটির ধ্বংসস্তূপ থেকে খুলিসহ নয়টি খণ্ডিত হাড় কুড়িয়ে পায় পথশিশুরা। পরে এসব হাড়গোড় থানায় নিয়ে যায় পুলিশ।

তবে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা অভিযোগ করেছেন, ধ্বংসস্তূপের যে অংশ থেকে খুলি উদ্ধার করা হয়েছে সেখানে মানুষের কঙ্কালও ছিল। কিন্তু পুলিশের অসহযোগিতায় তা উদ্ধার করা যায়নি।

গত বছরের ডিসেম্বর মাসে ভবনটির ধ্বংসস্তূপের ভেতর থেকে প্রথমে একটি কঙ্কাল ও মাথার খুলি উদ্ধার করা হয়। এরপর বিভিন্ন সময়ে আরও পাঁচটি কঙ্কালসহ বেশ কিছু হাড়গোড় উদ্ধার করা হয়। সর্বশেষ গতকাল পাওয়া যায় খুলিসহ নয়টি খণ্ডিত হাড়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল ১০টার দিকে রানা প্লাজার পেছনে ফেলে রাখা ধ্বংসস্তূপ থেকে পরিত্যক্ত মালামাল কুড়াতে গিয়ে হাড়গোড় কুড়িয়ে পায় পথশিশুরা। খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের স্বজনসহ আশপাশের লোকজন সেখানে ভিড় করেন। তাঁরাও হাড়গোড় উদ্ধারে চেষ্টা চালান। এ সময় ধ্বংসস্তূপের ভেতরে একটি কঙ্কাল দেখা যায়। ওই কঙ্কালটি বের করার চেষ্টা করেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। কিন্তু পুলিশ এসে ভয়ভীতি দেখিয়ে সবাইকে সরিয়ে দেয়।

রানা প্লাজার উদ্ধারকর্মী খোয়াজ আলী ও ইসলাম হোসেন অভিযোগ করেন, খুলির সঙ্গে একটি কঙ্কাল ছিল। কিন্তু পুলিশের বাধার কারণে তা উদ্ধার করা যায়নি।

রানা প্লাজা শ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুল ইসলাম বলেন, এখনো অনেক শ্রমিক নিখোঁজ রয়েছেন। কঙ্কালটি উদ্ধার হলে হয়তো আরও একজন নিখোঁজ ব্যক্তির পরিচয় শনাক্ত করা যেত। কিন্তু পুলিশের অসহযোগিতার কারণে তা সম্ভব হয়নি।

নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা অভিযোগ করেন, কঙ্কালটি উদ্ধার করতে চাইলে সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ হোসেন। তাঁরা বলেন, একপর্যায়ে সুকুমার দাস নামে নিখোঁজ পরিবারের এক সদস্যকে আটক করে পুলিশ। অবশ্য কিছু সময় পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে এসআই নাহিদ কোনো মন্তব্য করতে চাননি। একপর্যায়ে তিনি থানার ওসি মোস্তফা কামালের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ওসি বলেন, হাড়গোড় ও খুলি উদ্ধার করে থানায় রাখা হয়েছে।