আরও গ্রেপ্তার সাত, একজন তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর ও তাঁর পাঁচ অনুসারীকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনজন এই মামলার এজাহারভুক্ত আসামি নন।

রেলের দরপত্র জমা দেওয়া নিয়ে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে গত সোমবারের ওই সংঘর্ষে এক শিশুসহ দুজন নিহত হয়।

গত মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) একটি যৌথ দল গুলশান ১ নম্বরের সি ব্লকের নিকেতন এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া অন্যরা হলেন হেলাল, পলাশ দাশ, শাহ আলম, রবি দে, মাজহারুল ইসলাম ও প্রেমাশীষ মুৎসুদ্দি। তাঁরা যুবলীগের কর্মী।

অভিযান পরিচালনাকারী ডিবির অতিরিক্ত উপকমিশনার মাহফুজুল ইসলাম প্রথম আলোকে বলেন, হেলাল আকবরসহ ছয়জনকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তাঁরা চট্টগ্রামের জোড়া খুনের মামলার আসামি। গতকাল সকালে তাঁদের চট্টগ্রামে নিয়ে যায় পুলিশ।

চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের ৯৬ লাখ টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে সিআরবির সাত রাস্তা মোড়ে এই রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এ সময় আরমান হোসেন (৮) ও সাজু পালিত (২৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক সাইফুল আলম ওরফে লিমনসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০-৪০ জনকে আসামি করে মামলা হয়। গ্রেপ্তার হয়েছেন ৫৬ জন। ৪৪ জনকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ তাঁদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

এ ছাড়া গতকাল ভোরে চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক সাইফুল আলমের অনুসারী আনোয়ার হোসেন ওরফে আনুকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। তিনিও এজাহারভুক্ত আসামি। সাত দিনের রিমান্ডের আবেদন করে গতকালই তাঁকে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। মহানগর হাকিম ফরিদুল আলম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

যুবলীগের চট্টগ্রামের নেতারা জানান, গত বছরের অক্টোবরে টাকার বিনিময়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্যপদ পেয়েছিলেন হেলাল আকবর। এতে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ ও যুবলীগের অনেক নেতা নাখোশ হন। এ জন্য ওই সময় তাঁর সংবর্ধনায় নগর ছাত্রলীগ ছাড়া আওয়ামী লীগ কিংবা যুবলীগের কাউকে দেখা যায়নি। সংবর্ধনা উপলক্ষে শহরের একটি কমিউনিটি সেন্টারে পাঁচটি গরু জবাই করে মেজবান দেন হেলাল। নগর ছাত্রলীগের সভাপতি এম আর আজিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এত কিছুর পরও যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, ‘ও তো যুবলীগের কেউ নন। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে একসময় সম্পৃক্ত ছিলেন।’

তবে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, ‘আমরা তো জানি, হেলাল আকবর যুবলীগের কেন্দ্রীয় সদস্য। কিন্তু তাঁকে তো কেউ টেন্ডারবাজি করতে বলেনি। তাঁর অপকর্মের দায় কেন সংগঠন নেবে?’

১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এমইএস কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন হেলাল আকবর। ছাত্রলীগের সাবেক নেতা আইয়ুব হোসেনের হাত ধরেই তাঁর উত্থান ঘটে। পরে সেই আইয়ুবকে তিনি নানাভাবে নাজেহাল করেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এলে তিনি থাইল্যান্ডে চলে যান। ২০০৭ সালের ১২ মে থাইল্যান্ডের পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এ খবর তখন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। ২০১০ সালে তিনি ছাড়া পেয়ে দেশে আসেন।

ছাত্রলীগের স্থানীয় নেতারা বলেন, দেশে ফিরেই হেলাল আকবর চট্টগ্রাম শহরে চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে জড়িয়ে পড়েন। গত বছরের জুলাইয়ে এমইএস কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। অভিজাত এলাকা খুলশী ও আশপাশে চাঁদাবাজি ও জমি দখল-বেদখল করতে এমইএস কলেজের নিয়ন্ত্রণ প্রয়োজন পড়ে। তাই একটি পক্ষের নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। শহরের বিভিন্ন দখল-বেদখল ও চাঁদাবাজি-টেন্ডারবাজি নিয়ন্ত্রণ করতেন তিনি।