আরও চার কর্মকর্তাকে আইজি পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে অবসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোট সরকারের আমলে চাকরি হারানো আরও চার পুলিশ কর্মকর্তাকে মহাপরিদর্শক (আইজি) হিসেব ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে স্বাভাবিক অবসর দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা থেকে গতকাল এ সংক্রান্ত আদেশ দেওয়া হয়। এ ছাড়া আরও দুইজন কর্মকর্তাকে অতিরিক্ত আইজি ও দুইজনকে ডিআইজি হিসেবে পদোন্নতি দিয়ে অবসর দেওয়া হয়। এ নিয়ে অবসর পাওয়া কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে আইজি, ১৩ জনকে অতিরিক্ত আইজি ও আটজনকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হলো। সর্বশেষ আইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন সানাউল হক, লুত্ফর রহমান, লুত্ফর রহমান মিয়া ও আবুল কাশেম হাওলাদার। অতিরিক্ত আইজি হিসেবে গোলাম মোস্তফা, ফারুক আহমেদ এবং ডিআইজি হিসেবে মোস্তাক হোসেন খান ও জয়নাল আবেদীন পদোন্নতি পান। এসব কর্মকর্তা সব বকেয়া বেতন-ভাতা পাবেন। সূত্র জানায়, চারদলীয় জোট সরকারের আমলে প্রথম দফা ৩৬ জন ও দ্বিতীয় দফায় ২০ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়। এসব কর্মকর্তা চাকরি ফিরে পাওয়ার জন্য আদালতে মামলা করেন। আদালত তাঁদের চাকরি পুনর্বহাল করার আদেশ দেন। আদালতের নির্দেশেই তাঁরা ভূতাপেক্ষ পদোন্নতি পান। তবে চাকরির বয়স না থাকায় তাঁদের স্বাভাবিক অবসর দেওয়া হয়।