আরও চার কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ঋণখেলাপির অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পারভিন আক্তার, ২১ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর মো. কবির হোসেন ভূঁইয়া, ২৪ নম্বর ওয়ার্ডের আক্তার হোসেন এবং হলফনামায় সই না থাকার কারণে ১৬ নম্বর ওয়ার্ডের ওসমান গণির মনোনয়নপত্র বাতিল করা হয়। গতকাল সোমবার দিনব্যাপী রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডলের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এতে ওই চার ব্যক্তির প্রার্থিতা বাতিল করা হয়।
এর আগে গত রোববার এক স্বতন্ত্র মেয়র প্রার্থী ও দুই সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এ নিয়ে এক মেয়র প্রার্থী, পাঁচজন সাধারণ কাউন্সিলর ও একজন সংরক্ষিত কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করা হলো। রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল তাঁর প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, গতকাল সকাল নয়টায় সাধারণ কাউন্সিলরদের মধ্যে ৭ থেকে ২৭ নম্বর ওয়ার্ডের প্রার্থিতা যাচাই-বাছাই করা হয়। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদেও যাচাই-বাছাই হয়। বর্তমানে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১৫ মার্চ প্রতীক বরাদ্দ হবে। ওই দিন থেকেই নির্বাচনী প্রচারণা শুরু হবে। ৩০ মার্চ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
রিটার্নিং কর্মকর্তা বলেন, যাঁদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে বাতিল করা হয়েছে, তাঁরা ৭ থেকে ৯ মার্চ পর্যন্ত চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন।