
ঢাকার সাভারে শ্রমিক বহনকারী ট্রলারে বজ্রপাতের ঘটনায় আরও চারজনের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। শহীদ রফিক সেতুর কাছে বংশী নদী থেকে গতকাল বুধবার লাশগুলো উদ্ধার করা হয়। এই নিয়ে বজ্রপাতের ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ছয়ে। নিখোঁজ আরেকজনের সন্ধানে ফায়ার সার্ভিস অভিযান অব্যাহত রেখেছে।
গতকাল যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন গাইবান্ধা সদর উপজেলার তিনদাহ গ্রামের রাজু মিয়ার স্ত্রী মহেলা বেগম (৩৫), লালমনিরহাট সদর উপজেলার দেওতি গ্রামের মাধব চন্দ্র বর্মণের স্ত্রী সিনতী রানী বর্মণ (২৫), কুমিল্লার মুরাদনগর উপজেলার মোখলেসপুর গ্রামের মোহন লালের ছেলে দীপু লাল (৩২) ও নওগাঁর মহাদেবপুর উপজেলার শোভাপুর গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী হোসনে আরা বেগম (২৮)। তাঁরা সবাই মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ফোর্ডনগর এলাকার আখতার ফার্নিচারের শ্রমিক। তাঁদের পরিবারকেও গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়।
গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে ডুবুরি দলের নেতৃত্বে থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকার সদর দপ্তরের স্টেশন কর্মকর্তা আল মাসুদ বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী নিখোঁজ ব্যক্তির সংখ্যা ছিল পাঁচ। তাঁদের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। রেবেকা নামে আরও এক শ্রমিকের লাশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে।
রেবেকার স্বামী মাজেদ আলী বলেন, গতকাল বিকেলে হেমায়েতপুর এলাকায় বংশী নদীতে ভাসমান অবস্থায় রেবেকার মুঠোফোন পাওয়া গেছে। একটি টিফিন বক্সের ভেতরে থাকা মুঠোফোনটি পেয়ে স্থানীয় এক ব্যক্তি তাঁকে কল করে বিষয়টি জানান।
গত মঙ্গলবার ঘটনাস্থলে নিহত বিউটিফুল জ্যাকেটের শ্রমিক রফিকুল ইসলাম (২৫) ও আখতার ফার্নিচারের শ্রমিক আবু হোসেনের (২৮) পরিবারকেও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পরপরই আখতার, নাদিয়া ফার্নিচারসহ বিউটিফুল জ্যাকেটে ছুটি ঘোষণা করা হয়। ছুটি ঘোষণার পরও কয়েকজন শ্রমিক বাসায় না ফেরায় তাঁদের স্বজনসহ উৎসুক জনতা মঙ্গলবার বিকেলে ঘটনাস্থলের কাছে বংশী নদীর তীরে গিয়ে ভিড় করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ওই দিন রাত আটটার দিকে সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ডুবুরি দল অভিযান চালিয়ে গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত বংশী নদী থেকে চারটি লাশ উদ্ধার করে।
ডুবুরি দলের সদস্য আবু ইউসুফ বলেন, সঠিক তথ্য না পাওয়ার কারণে মঙ্গলবার রাতে উদ্ধার অভিযান ব্যাহত হয়। নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে নিশ্চিত হয়ে গতকাল পুনরায় অভিযান চালানো হয়। বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে চার কিলোমিটার ভাটিতে তেতুলঝোঁড়া এলাকা থেকে পর্যায়ক্রমে চারটি লাশ উদ্ধার করা হয়।
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ফোর্ডনগর এলাকায় বংশী নদীর তীরে গড়ে ওঠা আখতার, নাদিয়া ফার্নিচারসহ বিউটিফুল জ্যাকেটের দেড় শতাধিক শ্রমিক নিয়ে একটি ট্রলার মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে সাভারের উলাইল খেয়াঘাট ছাড়ে। ট্রলারটি বংশী নদীর মাঝামাঝি পৌঁছালে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় ট্রলারের সামনে থাকা বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তাঁদের অনেকেই ভয়ে নদীতে লাফিয়ে পড়েন। আহত ব্যক্তিদের মধ্যে যাঁরা ট্রলারে ছিলেন তাঁদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত ঘোষণা করেন। আহত সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তিনজনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী আখতার ফার্নিচারের শ্রমিক মো. আসলাম বলেন, ঘটনার সময় তিনি পারাপারের জন্য উলাইল খেয়াঘাটে দাঁড়িয়ে ছিলেন। বজ্রপাতের সঙ্গে সঙ্গে কয়েকজন শ্রমিককে তিনি চিৎকার করে নদীতে লাফিয়ে পড়তে দেখেন। তাঁরা সাঁতরে তীরে উঠতে পারেননি। বিষয়টি জানানোর পরও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, উপযুক্ত প্রমাণের ভিত্তিতে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।