আরও চারজন সাক্ষ্য দিলেন
নারায়ণগঞ্জে সাত খুনের মামলায় আরও চারজন সাক্ষ্য দিয়েছেন। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেনের আদালতে তাঁদের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত আগামী ১ আগস্ট সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।
গতকাল সাক্ষ্য দেন র্যা ব-১১-এর সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) বর্তমানে পুলিশ সদর দপ্তরে কর্মরত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোবারক হোসেন, একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জব্দতালিকার সাক্ষী কামাল হোসেন, জব্দতালিকার অন্য সাক্ষী আবদুল হেকিম এবং নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের মুঠোফোনটি যাঁর কাছ থেকে উদ্ধার করা হয়, সেই ইয়াছিন শিপন।
আদালতে দেওয়া সাক্ষ্যে এএসপি মোবারক হোসেন বলেন, ২০১৪ সালে তিনি আদমজীর র্যা ব-১১-এর প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। সাত খুন মামলার তদন্ত কর্মকর্তা ওই বছর ২৭ জুন চিঠি দিয়ে তাঁর কার্যালয়ের তৎকালীন অধিনায়ক তারেক সাঈদ মোহাম্মদ, উপ-অধিনায়ক মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানার মুঠোফোন নম্বরগুলো জানতে চাইলে তিনি দিয়ে দেন।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের সামনে থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল ছয়জনের লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়। পরদিন ১ মে আরও একজনের লাশ একই স্থান থেকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় চার সহযোগীসহ নজরুল ইসলামকে হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার ও তাঁর গাড়িচালক ইব্রাহিম হত্যার ঘটনায় তাঁর জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা করেন।