রংপুরের বদরগঞ্জে দুজন গৃহবধূকে সালিসের মাধ্যমে নির্যাতনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ২১ আগস্টের মধ্যে এ-সংক্রান্ত অগ্রগতির প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। গত ৩১ জুলাই আদালতের নির্দেশনা অনুসারে ওই দুজন গৃহবধূ সকালে হাইকোর্টে হাজির হন। এ সময় তাঁরা নির্যাতনের বর্ণনা দেন। পাশাপাশি কিছু ছবি দেখান। পরে আদালত ওই সব ছবি এক সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ছবিতে চিহ্নিত মোটকা এনামুল, বাবলু, মহিবুল ও পবাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়।এ ছাড়া নির্যাতিত হওয়ার পর ওই দুই মহিলাকে প্রথমে চিকিৎসা প্রদানকারী বেসরকারি সংস্থা আরডিআরএসকে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে রুলে ব্যাখ্যাদানকারী হিসেবে পক্ষভুক্ত হতে আবেদন করেছে আইন ও সালিশ কেন্দ্র।আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন ও আসকের পক্ষে আইনজীবী এ এম আমিন উদ্দিন মামলা পরিচালনা করেন। এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, ২১ আগস্ট এ বিষয়ে আবার শুনানি হবে। প্রসঙ্গত, গত ৭ জুলাই ‘সালিসে প্রকাশ্যে দুই গৃহবধূকে লাঠিপেটা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি আদালতের নজরে এলে ২৪ জুলাই আদালত স্বতঃপ্রণোদিত হয়ে (সুয়োমোটো) রুল জারি করেন।