বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় গতকাল বৃহস্পতিবার আরও চারজনকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। পরে এক সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার ১০ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
খালেদা জিয়া গতকাল আদালতে হাজির হননি। তাঁর পক্ষে আদালতে দেওয়া আবেদনে বলা হয়, তিনি অসুস্থ। তাঁর পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া হাজিরা দেন।
গতকাল আসামিপক্ষে ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান, সোস্যাল ইসলামী ব্যাংকের জিয়াউদ্দিন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল মঞ্জুরুল হক ও সিরাজউদ্দিনকে জেরা করা হয়। পরে সাক্ষ্য দেন দুদকের সহকারী পরিচালক নাজমুল হাসান। গতকাল তাঁকে জেরা করা হয়নি। গত ২৬ নভেম্বর এ মামলায় দুই সাক্ষীর জেরা শেষ করে আসামিপক্ষ।
বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুটি মামলার বিচারকাজ চলছে। গতকাল এই দুই মামলায়ই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও কেবল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় শুনানি হয়। এই মামলায় এ পর্যন্ত ২১ জন সাক্ষ্য দিয়েছেন।
আসামিপক্ষে গতকালও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি রাখার আবেদন করা হয়। আবেদনে বলা হয়, খালেদা জিয়ার অনুপস্থিতিতে এই মামলায় বাদীর যে সাক্ষ্য নেওয়া হয়েছে, তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন করা হয়েছে। ওই পিটিশনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি রাখা হোক। আদালত এই আবেদন মঞ্জুর করে উচ্চ আদালতের আদেশ দাখিলের জন্য ১০ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুদক। এ মামলায় ২০০৯ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে দুদক তেজগাঁও থানায় অপর মামলাটি করে ২০১১ সালের ৮ আগস্ট। এ মামলায় খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।
চলতি বছরের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩ এই দুটি মামলার অভিযোগ গঠন করেন।