আরও চারজনকে জেরা সম্পন্ন একজনের সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় গতকাল বৃহস্পতিবার আরও চারজনকে জেরা শেষ করেছে আসামিপক্ষ। পরে এক সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমদ জমাদার ১০ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।
খালেদা জিয়া গতকাল আদালতে হাজির হননি। তাঁর পক্ষে আদালতে দেওয়া আবেদনে বলা হয়, তিনি অসুস্থ। তাঁর পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া হাজিরা দেন।
গতকাল আসামিপক্ষে ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা কামরুজ্জামান, সোস্যাল ইসলামী ব্যাংকের জিয়াউদ্দিন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল মঞ্জুরুল হক ও সিরাজউদ্দিনকে জেরা করা হয়। পরে সাক্ষ্য দেন দুদকের সহকারী পরিচালক নাজমুল হাসান। গতকাল তাঁকে জেরা করা হয়নি। গত ২৬ নভেম্বর এ মামলায় দুই সাক্ষীর জেরা শেষ করে আসামিপক্ষ।
বকশীবাজারে আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী এজলাসে জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুটি মামলার বিচারকাজ চলছে। গতকাল এই দুই মামলায়ই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও কেবল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় শুনানি হয়। এই মামলায় এ পর্যন্ত ২১ জন সাক্ষ্য দিয়েছেন।
আসামিপক্ষে গতকালও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় শুনানি মুলতবি রাখার আবেদন করা হয়। আদালত এই আবেদন মঞ্জুর করে উচ্চ আদালতের আদেশ দাখিলের জন্য ১০ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করেন।