আরও চারজনকে রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ফারাবি শফিউর রহমানসহ আরও চারজনকে ১৫ দিনের রিমান্ডে নিতে আদালতে আবেদন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল বুধবার সিলেট মহানগর হাকিম আদালতে (দ্বিতীয়) এই আবেদন করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের আবেদন করলে বিচারক ১৯ নভেম্বর ওই আবেদনের শুনানির দিন ধার্য করেন। সিআইডির পরিদর্শক আরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল মামলাটিতে আরও তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এঁরা হলেন দুলাল বিশ্বাস, আবুল হাসান ও জাফরান হাসান। তাঁরা ঢাকায় খুন হওয়া বিজ্ঞানলেখক অভিজিৎ রায় হত্যা মামলারও আসামি।
এ নিয়ে অনন্ত হত্যা মামলায় ১২ জন গ্রেপ্তার হলেন। এর মধ্যে গত ৭ জুন সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী ২৮ অক্টোবর জামিনে মুক্তি পেয়েছেন। বাকিরা কারাবন্দী।
গত ১২ মে সিলেট নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে অনন্তকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বিজ্ঞানবিষয়ক লেখালেখির কারণে তাঁকে উগ্র ধর্মান্ধগোষ্ঠীরা পরিকল্পিতভাবে খুন করেছে, এমন অভিযোগ এনে অনন্তের বড় ভাই রত্নেশ্বর দাশ মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা করেন। ২৫ মে মামলাটির তদন্তভার সিআইডিতে স্থানান্তরিত হয়।