আরও চারটি ট্রেন চলাচল বন্ধ যাত্রীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চালক ও সহকারী চালকের সংকটকে কারণ দেখিয়ে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগে আরও চারটি ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে। গত রোববার ও সোমবার এ চারটি ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে ভোগান্তিতে পড়েছেন এসব ট্রেনে যাতায়াতকারী সাতটি স্টেশনের মানুষ।
গত সোমবার সান্তাহার থেকে পঞ্চগড়গামী সেভেনআপ এবং পঞ্চগড় থেকে সান্তাহারগামী এইট ডাউন মেইল ট্রেন দুটি বন্ধ ঘোষণা করা হয়। এর আগের দিন রোববার বন্ধ ঘোষণা করা হয় লালমনিরহাট থেকে সান্তাহারগামী টোয়েন্টি ডাউন এবং সান্তাহার থেকে লালমনিরহাটগামী নাইনটিন আপ লোকাল ট্রেন দুটি।
বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের যান্ত্রিক প্রকৌশলী (ডিএমই) রেজাউল করিম বলেন, ‘প্রয়োজনীয়-সংখ্যক চালক ও সহকারী চালক না থাকায় এক বছর মেয়াদি চুক্তিভিত্তিক ২১ জন চালক ও সহকারী চালককে নিয়োগ দেওয়া হয়েছিল। এঁদের মধ্যে গত মার্চে ১২ জনের মেয়াদ শেষ হয়। বাকি নয়জনের মেয়াদ শেষ হয়েছে ১৫ জুন। এ অবস্থায় অনিচ্ছা সত্ত্বেও আমরা চলাচলকারী চারটি ট্রেন বন্ধ ঘোষণা করেছি। চালক ও সহকারী চালকস্বল্পতা সংকটের সমাধান হলে ট্রেনগুলো আবার চালুর পদক্ষেপ নেওয়া হবে।’
রেল বিভাগ সূত্রে জানা যায়, লালমনিরহাট রেল বিভাগের আওতায় লালমনিরহাট-সান্তাহার রুটের ১৭০ কিলোমিটার দীর্ঘ রেলপথে কাউনিয়া, পীরগাছা, বামনডাঙ্গা, গাইবান্ধা, বোনারপাড়া, বগুড়া ও সান্তাহারের যাত্রীরা যাতায়াত করেন। এই রেল বিভাগে চালক ও সহকারী চালকের ৮০টি পদের বিপরীতে বর্তমানে মাত্র ২০ জন কর্মরত আছেন। এতে ট্রেনগুলো একের পর এক বন্ধ করে দিতে হচ্ছে।
অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক চুক্তির মেয়াদ শেষ হওয়া একাধিক ট্রেনচালক ও সহকারী ট্রেনচালক অভিযোগ করেন, চাকরির মেয়াদ শেষ হওয়ার কয়েক মাস আগেই চুক্তিতে পুনর্নিয়োগ দিতে তাঁদের মতো ২১ জনের কাছ থেকে আবেদনপত্র নিয়েছে রেল কর্তৃপক্ষ। এসব নিয়োগ দেওয়া হলে ট্রেনগুলো এভাবে বন্ধ হতো না। মানুষও ভোগান্তিতে পড়ত না।
লালমনিরহাট স্টেশনে গতকাল বুধবার বিকেলে কথা হয় লালমনিরহাট থেকে পীরগাছাগামী ক্ষুদ্র ব্যবসায়ী সোহাগ মণ্ডলের (৩৫) সঙ্গে। তিনি স্টেশনে এসে শোনেন ট্রেন বন্ধ। তিনি আক্ষেপ করে বলেন, ‘লালমনিরহাটে আত্মীয়বাড়ি আসতাম। তারপর কিছু জিনিসপাতি কিনা ১০ টাকা ট্রেন ভাড়া দিয়া পীরগাছা যাইতাম। এখন ৬০ টাকা ভাড়া দিয়া বাসে প্রথমে রংপুর, তারপর বাস পাল্টায়া আরও ৩০ টাকা ভাড়া গুইনা পীরগাছা পৌঁছান লাগব।’
লালমনিরহাট শহরের কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। তিনি নিয়মিত ট্রেনে সান্তাহারে যাতায়াত করতেন। এখন ট্রেনটি বন্ধ হওয়ায় বাধ্য হয়ে তাঁকে বাসে যাতায়াত করতে হবে। এতে খরচ যেমন বাড়বে, তেমনি ভোগান্তিও বাড়বে বলে জানান তিনি।